নিজস্ব প্রতিবেদক
কুয়েতে বাংলাদেশি শ্রমিক ভিসা প্রক্রিয়াকরণে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সিন্ডিকেট প্রধান আব্দুস সালাম আরেফকে তলব করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
প্রতিযোগিতা কমিশন সূত্রে জানা গেছে,কুয়েতের শ্রমিক ভিসা প্রসেসিংয়ে সরকারি নির্ধারিত ফি মাত্র ৫ হাজার ৩০০ টাকা হলেও একটি প্রভাবশালী সিন্ডিকেট ভিসাপ্রত্যাশীদের কাছ থেকে ৩৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আদায় করে আসছিল।অভিযোগ অনুযায়ী,গত আট বছরে অন্তত ১ লাখ ৩০ হাজার বাংলাদেশি অভিবাসীর কাছ থেকে এই সিন্ডিকেট শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে সিন্ডিকেটের প্রধান হিসেবে চিহ্নিত আব্দুস সালাম আরেফকে আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রতিযোগিতা কমিশনে উপস্থিত হয়ে বক্তব্য দিতে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে,প্রতিযোগিতা আইন, ২০১২ অনুযায়ী তার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ে হাজির না হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
আব্দুস সালাম আরেফ মর্ডান ওভারসীজ লিমিটেড ও এয়ার স্পিড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ট্রাভেল এজেন্সিগুলোর শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর সাবেক সভাপতি। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত বছরের আগস্টে তার নেতৃত্বাধীন আটাব কমিটি সরকার বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয়।
এদিকে প্রতিযোগিতা কমিশন সূত্র জানায়,আরেফের বিরুদ্ধে উড়োজাহাজের গ্রুপ টিকিট মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগও তদন্তাধীন রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে কমিশনের পরিচালক মোহাম্মদ ইকতিদার আলমকে আহ্বায়ক করে একটি তদন্ত দল গঠন করা হয়েছে।