ফুলতলা প্রতিনিধি |
খুলনার ফুলতলা উপজেলার ভৈরব নদীতে ডুবে যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। গাড়িটির ভেতর থেকে প্রায় ২০ ভরি স্বর্ণসহ মূল্যবান মালামাল উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (রাত আনুমানিক ৯টা) খানজাহান আলী থানাধীন ইস্টার্ন জুট মিল সংলগ্ন আমতলা খেয়াঘাট দিয়ে নৌকাযোগে নদী পার হওয়ার সময় প্রাইভেটকারটি ডুবে যায়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ ১৬-১৭২৫।
জানা গেছে,চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুল ইসলাম তার টয়োটা প্রিমিও ব্র্যান্ডের নতুন প্রাইভেটকারে স্বপরিবারে খুলনা থেকে কেনাকাটা শেষে যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। নৌকা থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ভৈরব নদীতে তলিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (পরদিন) গাড়িটি উদ্ধারে মালিক মইনুল ইসলাম ৪৫ হাজার টাকা চুক্তিতে একটি ডুবুরি দল ভাড়া করেন। বেলা ২টা থেকে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরিরা।
গাড়ি উদ্ধারের সময় নদীর দুই পাড়ে উৎসুক জনতার ভিড় জমে যায়। ঘটনাটি পুরো এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।