মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা।
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি,মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জড়ো হন। স্লোগান ও মিছিলের মধ্য দিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানানো হয়।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান,মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার কায়সার কামাল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি বলেন,মাদক একটি জাতীয় ব্যাধি। এ বিষয়ে কোনো আপস নয়। দুর্গাপুর ও কলমাকান্দার যুবসমাজকে রক্ষা করতে মাদক কারবারি,মজুদকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন,নির্বাচিত হলে এলাকার শান্তি, নিরাপত্তা ও যুব সমাজের ভবিষ্যৎ রক্ষায় মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ শক্ত অবস্থান গ্রহণ করা হবে।
জনগণের প্রত্যাশা,স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতে,ব্যারিস্টার কায়সার কামাল একজন অভিজ্ঞ আইনজীবী ও নীতিগতভাবে দৃঢ় অবস্থানের রাজনীতিক। মাদকের বিরুদ্ধে তার ঘোষণা এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে।
রাজনৈতিক বিশ্লেষণ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়ন জমা দেওয়া বিএনপির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিশেষ করে মাদকবিরোধী অবস্থান এই অঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন।