বিশেষ প্রতিনিধি (ক্রাইম):রিপোর্টার সুমন।
ঢাকার গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। এ সময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭ ডিসেম্বর ২০২৫ ইং সকাল ৬টা ৩০ মিনিটে র্যাব-১,উত্তরা ক্যাম্পের একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার গুলশান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গুলশান-১ থেকে বাড্ডাগামী একটি পিকআপ ভ্যানে বিপুল পরিমাণ বিদেশি মদ বহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে গুলশান থানাধীন বাসা নং-১৮,রোড নং-১১১ এর সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা একজনকে আটক করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শাহজাহান (৩৭)। তার পিতার নাম আঃ খালেক এবং মাতার নাম সাবিরন নেছা। তার স্থায়ী ঠিকানা নয়নকান্দি,পোস্ট মুন্সিগাও,থানা ধোবাউড়া,জেলা ময়মনসিংহ এবং বর্তমান ঠিকানা বোডবাজার, গাজীপুর।
র্যাব জানায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে ৬৫৯ বোতল (৪৯৪.২৫ লিটার) বিদেশি মদ এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত।
র্যাব আরও জানায়,মাদকাসক্তরা ইয়াবার বিকল্প হিসেবে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করছে এবং সুযোগসন্ধানী মাদক কারবারিরা অভিনব কৌশলে মাদক ছড়িয়ে দিচ্ছে, যা কিশোর গ্যাং ও ছিনতাই বৃদ্ধির অন্যতম কারণ।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।