ঢাকা,২৪ ডিসেম্বর ২০২৫:
বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড.আ.ফ.ম খালিদ হোসেন,বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ,ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী,খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও, জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ-এর সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
খ্রিস্টান ধর্মীয় নেতারা তাঁদের বক্তব্যে বিশ্বব্যাপী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সুনাম ও দেশের অর্থনীতি পুনরুদ্ধারসহ সার্বিক পরিস্থিতি উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
শুভেচ্ছা বক্তব্যে আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ যিশু খ্রিস্টকে সার্বজনীন উল্লেখ করে বলেন,ক্ষমা,মানবপ্রেম ও সেবার আদর্শকে সামনে রেখে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বড়দিন উদযাপিত হচ্ছে। তিনি বলেন,জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে জনগণ আপনার ওপর আস্থা রেখেছে। আমরা প্রার্থনা করি, একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আপনার প্রচেষ্টা সফল হবে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,আপনারাই সমাজের প্রতিবিম্ব। আপনাদের দেখলেই বোঝা যায় সমাজ ঠিক পথে আছে কি না।

তিনি আরও বলেন,একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতেই জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে,যা গণভোটের মাধ্যমে বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।
প্রধান উপদেষ্টা জানান,আসন্ন নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতেই পরবর্তী সংসদ সংস্কার কার্যক্রম গ্রহণ করবে। এ সময় তিনি নির্বাচন ও গণভোট বিষয়ে জনগণকে সচেতন করতে ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে বড়দিন উপলক্ষে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান ট্রাস্টের নেতারা। তাঁরা জানান,দেশব্যাপী ৮০০টি চার্চের মধ্যে তিন ধাপে এই অনুদান বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।