নিজস্ব প্রতিনিধি :
সিদ্ধান্ত বদলে নির্বাচনে নামছেন মাসুদুজ্জামান।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির রাজনীতিতে নাটকীয় মোড়। দলীয় নেতাকর্মীদের টানা আন্দোলন ও আবেগঘন অনুরোধের মুখে আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নগরীর তার ব্যবসা প্রতিষ্ঠান মডেল ডি ক্যাপিটালস –এর সামনে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঘেরাও কর্মসূচিতে উপস্থিত হলে,তিনি এ ঘোষণা দেন। এ সময় পুরো এলাকা স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে।
ঘোষণাকালে মাসুদুজ্জামান বলেন,এই মঞ্চ থেকে আমি স্পষ্টভাবে জানাচ্ছি—ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্ত নেবে,আমি সেই সিদ্ধান্তের সাথেই থাকবো।দল আমাকে মনোনয়ন দিয়েছে,ইনশাআল্লাহ আমি নির্বাচন করবো।
তিনি আরও বলেন,ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার আগে আমরা,আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা এবং সবার আগে বাংলাদেশ—এই আদর্শ ধারণ করেই আমি আপনাদের ভালোবাসার প্রতি সম্মান জানাচ্ছি। আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাই।
১৬ ডিসেম্বর নির্বাচন না করার ঘোষণার বিষয়ে দুঃখ প্রকাশ করে মাসুদুজ্জামান বলেন,আমার সেই ঘোষণায় দল,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ও সারাদেশের নেতাকর্মীরা কষ্ট পেয়েছেন। আমি সবার কাছে নিঃস্বার্থভাবে ক্ষমাপ্রার্থী।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,আজ থেকে আপনারাই আমার পরিবার। আপনারাই আমার নিরাপত্তা। আর কোনো নিরাপত্তা শঙ্কা নেই।
উল্লেখ্য,গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মাসুদুজ্জামান মাসুদ। তার সেই ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।
টানা কয়েকদিন ধরে তারা‘মাসুদ ভাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার চাই’এই সিদ্ধান্ত মানি না,মানবো না,এমন স্লোগানে রাজপথ মুখর রাখেন। আন্দোলনের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন কয়েকজন নেতাকর্মী। সিদ্ধান্ত পরিবর্তন না হলে তার বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাওয়ের ঘোষণাও দেওয়া হয়।
শেষ পর্যন্ত নেতাকর্মীদের এই অনড় অবস্থান ও ভালোবাসার কাছে নতি স্বীকার করে নির্বাচনে ফেরার ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ।তার এই সিদ্ধান্তে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন দলীয় নেতারা।