বিশেস প্রতিনিধিঃ-
আইপিএলের পুরো আসরের এনওসি পেলেও নিউ জিল্যান্ড সিরিজে দেশে ফিরবেন মোস্তাফিজ</h1>
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর পুরো আসরের জন্য জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে তাকে দেশে ফিরতে হবে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্য সামনে রেখে এই সিরিজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিসিবি। সে কারণে আইপিএলের মাঝপথে ৮ থেকে ১০ দিনের জন্য মোস্তাফিজকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, মোস্তাফিজুরকে আমরা পুরো আইপিএলের জন্য এনওসি দিয়েছি। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জাতীয় দলের হয়ে খেলতে তাকে দেশে ফিরতে হবে। প্রায় ৮ দিনের জন্য সে ফেরত আসবে।
নাজমুল আবেদীন ফাহিম আরও বলেন, ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের অবস্থান এখনো পুরোপুরি নিরাপদ নয়। তাই বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না বিসিবি। তিনি জানান,আমরা এখন যে জায়গাটাতে আছি, সেখানে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। যদি নিরাপদ অবস্থানে থাকতাম, তাহলে হয়তো ভিন্ন সিদ্ধান্ত নেওয়া যেত।
এদিকে চলতি মৌসুমের আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠা এই বাঁহাতি পেসারের দাম শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় ৯ কোটি ২০ লাখ রুপিতে। বড় অঙ্কের এই মূল্য দিয়ে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।