বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন চিহ্নিত সন্ত্রাসী ও সাবেক বিএনপি নেতা রাসেল মোড়ল (৪১)। রবিবার ভোররাতে শ্রীপুর থানা পুলিশের একটি বিশেষ টিম পাঠানটেক এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে। মাদক উদ্ধারের পর সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত রাসেল মোড়ল বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের বাসিন্দা এবং বরমী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক। দীর্ঘদিন ধরে এলাকায় অস্থিরতা সৃষ্টির অভিযোগে তিনি স্থানীয়ভাবে আলোচিত ছিলেন।
শ্রীপুর থানার এসআই মনোয়ার ও এসআই তাজুলের নেতৃত্বে ছয় সদস্যের একটি পুলিশ টিম রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করে। এ সময় রাসেলের কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট ও এক পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
স্থানীয় বিএনপির একটি সূত্র জানায়, রাসেল মোড়লের দীর্ঘদিনের সন্ত্রাসী তৎপরতা বরমী এলাকায় বড় অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির থানায় গিয়ে তদবির করেন।
সূত্রের দাবি,তাঁর তদবিরের পর পুলিশ “কৌশলে” মামলাটি ভ্রাম্যমাণ আদালতে পাঠিয়ে কম সাজা নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ অনুযায়ী তাঁর আরও বেশি মেয়াদের সাজা হওয়ার কথা ছিল বলেও অভিযোগ উঠেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন,অভিযানে তাঁর কাছ থেকে ইয়াবা ও হেরোইন পাওয়া গেছে। প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের সাজা দিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইদুল ইসলাম জানান,
পুলিশ প্রয়োজনীয় ভিডিও প্রমাণসহ প্রসিকিউশন দিয়েছে। অভিযুক্ত নিজেও মাদক থাকার কথা স্বীকার করেছে। সব দিক বিবেচনা করে তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বরমীর স্থানীয় রাজনীতি ও জনমনে গ্রেপ্তার ও সাজা নিয়ে তীব্র আলোচনা চলছে। অনেকেই মনে করছেন,তদবিরের প্রভাব’ তদন্ত করা প্রয়োজন।